নীলফামারীর ডিমলায় সাব্বির হোসেন (৭) নামে নিখোঁজ এক স্কুলছাত্রের লাশ পুকুর পানি থেকে উদ্ধার করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, রোববার সকালে ডিমলা উপজেলার সদর ইউনিয়নের পচারহাট গ্রামের একটি পুকুরের পানি থেকে সাব্বির হোসেন (৭) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়। সে একই গ্রামের আব্দুস ছালামের ছেলে এবং ব্যাঙ্গেরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্র। সাব্বিরের বাবা-মা শ্রমিকের কাজ করার সুবাদে ঢাকায় থাকার কারণে সাব্বিরকে পড়ালেখার জন্য একই গ্রামে তার নানা হামিদুল ইসলামের বাড়িতে রেখে যান। শনিবার সাব্বির স্কুলে যাওয়ার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রোববার সকালে এলাকার লোকজন একটি পুকুরে সাব্বিরের লাশ ভাসতে দেখে থানায় সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাব্বিরের শরীরে ও মাথায় মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে।
ডিমলা থানার এসআই মাহবুব হোসেন বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।



