পিরোজপুরের মঠবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং তার সহযোগী ও অঙ্গ সংগঠনের উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি পুনর্গঠন কাজ শুরু হয়েছে। পুনর্গঠন কাজে দলীয় কর্মসূচিতে উজ্জীবিত তৃণমূল নেতাকর্মীদের মাঝে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
স্থানীয় দলীয় সূত্রে জানা যায়, গতবছরের ৩০ ডিসেম্বর প্রহসনের জাতীয় সংসদ নির্বাচন পূর্ব ও নির্বাচনকালীন মিথ্যা মামলায় জর্জড়িত নেতা-কর্মীদের উজ্জীবিত করে মিথ্যা মামলায় জেলবন্দী দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বেগবান করতে কমিটি পুনর্গঠনের কর্মসূচি নেয়া হয়েছে। এছাড়া কমিটির সদস্যদের মৃত্যু এবং বিভিন্ন কারণে কমিটির শূন্য হওয়া পদ ত্যাগীদের দিয়ে পূরণ করা হবে। এ লক্ষ্যে গত ২৯ এপ্রিল কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা বিএনপি, সহযোগী ও অঙ্গ সংগঠনের এক যৌথ সভায় গত সংসদ নির্বাচনে দলীয় মনোনায়ন প্রাপ্ত রুহুল আমিন দুলালকে উপদেষ্টা করে দল পুনর্গঠন সমন্বয় কমিটি গঠন করা হয়।
কর্মসূচির অংশ হিসিবে গত রোববার বিকালে উপজেলার মিরুখালী ইউনিয়ন বিএনপি, সহযোগী ও অঙ্গ সংগঠনের যৌথসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি মো: নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সমন্বয় কমিটির উপদেষ্টা রুহুল আমিন দুলাল। বক্তব্য রাখেন সমন্বয় কমিটির সদস্য অ্যাড: রফিকুল ইসলাম বাবুল, সালাউদ্দিন ফারুক, কেএম হুমাযুন কবির, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল আহসান খোকন, বিএনপি নেতা আ: লতিফ হাওলাদার ও মাহবুব কবির মনির প্রমুখ।
গত ২৩ আগস্ট টিকিকাটা ইউনিয়ন থেকে শুরু হওয়া পুনর্গঠন কর্মসূচি মাসাধিককাল চলবে বলে দলীয় সূত্র জানায়।
মিরুখালী ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো: কামাল তালুকদার কমিটি পুনর্গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বিগত দিনে যারা দলের স্বার্থবিরোধী কাজ করেছেন তাদেরকে বহিষ্কার করে ত্যাগী নেতা-কর্মীদের স্থান দিয়ে তাদের মূল্যায়ন করার দাবি জানান।
সমন্বয় কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা কেএম হুমায়ুন কবির জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বেগবান করার লক্ষ্যে কমিটি পুনর্গঠন করে দলকে শক্তিশালী করা হবে।
সমন্বয় কমিটির উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল জানান, দল পুনর্গঠন একটি চলমান প্রক্রিয়া। দলকে ঐক্যবদ্ধ ও সুশৃংখল করার জন্য মৃত ও নিষ্ক্রিয় নেতাকর্মীদের স্থলে নতুন ও সক্রিয় নেতা-কর্মীদের দিয়ে দল পুনর্গঠন করা হচ্ছে বলে তিনি জানান।






