ফেনীতে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ অভিযানে দুইজন মাদক কারবারি ছাড়াও একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
র্যাব সূত্র জানায়, চট্টগ্রাম হতে একটি ট্রাকযোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ঢাকায় আসছে। এমন খবর পেয়ে গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে র্যাবের একটি দল মহিপালে বিশেষ চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে। একপর্যায়ে চট্টগ্রাম হতে ঢাকাগামী একটি ট্রাককে তল্লাশির জন্য সঙ্কেত দিলে ড্রাইভার গাড়িটিকে না থামিয়ে র্যাবের চেকপোস্ট অতিক্রম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা ধাওয়া করে ট্রাকটিকে আটক করে। এ সময় কক্সবাজারের টেকনাফের পুরাতন পল্লন পাড়া গ্রামের হাফিজ আহাদের ছেলে আবুল কাশেম (২৮) ও নয়াপাড়া গ্রামের মৃত ফজর আলীর ছেলে মুজিব উল্লাহকে (২৯) গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যমতে ট্রাকের ভেতরে সুকৌশলে লুকানো অবস্থায় ৯ হাজার ৩ শ ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৪৬ লাখ ৫৫ হাজার টাকা। এ সময় মাদক চালানের কাজে ব্যবহৃত ওই ট্রাকটিও আটক করা হয়।
ফেনীস্থ র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার (এএসপি) মো: জুনায়েদ জাহেদী জানান, গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত মালামাল ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।