লক্ষ্মীপুরের রামগঞ্জে পরকীয়ার মিথ্যা অভিযোগে স্থানীয় ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক ও প্রভাবশালী কর্তৃক জরিমানা করার অপমান সহ্য করতে না পেরে মোহাম্মদ খোকন (২৪) নামের এক দিনমজুর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামের কামিলাবাড়ীতে। খোকন একই বাড়ির ফজল হকের ছেলে।
স্থানীয় সূত্রে ও বাড়ির লোকজন জানান, বৃহস্পতিবার রাত ৯টায় ব্রহ্মপাড়া গ্রামের কামিলাবাড়ীর জনৈক মহিলার সাথে দিনমজুর খোকনের পরকীয়ার অভিযোগ তুলে একই বাড়ির সোহাগ ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক আবদুর রব ও যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলমসহ অন্যদের জানানো হয়। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত যুবলীগ নেতা আবদুর রব ও মোরশেদসহ কয়েকজন ওই বাড়িতে গিয়ে পরকীয়ার বিষয়টি সমাধানে সালিস বৈঠক করেন। সালিসে আবদুর রব ও মোরশেদ দিনমজুর খোকনকে অভিযুক্ত করে ৪০ হাজার টাকা জরিমানা করেন এবং সালিস বৈঠকে ১৫ হাজার টাকা সাথে সাথে দেয়ার সিদ্ধান্ত দেন।
সালিসে দিনমজুর খোকন পরকীয়ার বিষয়টি অস্বীকার করে কান্নাকাটি করলেও সালিসকারীরা তাদের সিদ্ধান্তে অটল থাকলে হঠাৎ তিনি সালিস বৈঠক থেকে গোপনে চলে যান।
খোকনের বাবা ফজল হক জানান, পরকীয়ার অপবাদ সহ্য করতে না পেরে তার ছেলে অনেক কান্নাকাটি করেছে। হাতে পায়ে ধরলেও তারা কোনো কথা শুনেনি। সালিস বৈঠক শেষ হওয়ার পর রাতের কোনো একসময় বাড়ির বাগানের একটি আমগাছে গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন খোকন।