রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা কোর্ট বিল্ডিংয়ের পাঁচটি সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে জীবন শঙ্কা নিয়ে দাফতরিক কাজ করছেন। এছাড়া মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ে সেলাই প্রশিক্ষণ নিতে আসা প্রশিক্ষণার্থীরা রয়েছেন ঝুঁকির মধ্যে। পুরাতন কোর্ট ভবনটি দীর্ঘ দিনের হওয়ায় এখানে ঝুঁকি আরো বেশি।
তবে পাঁচটি অফিসের মধ্যে বেশি ঝুঁকিকে রয়েছে মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়। যেখানে প্রতিদিনই ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা। আর কক্ষের ছাদে দেখা দিয়েছে বড় বড় ফাটল। ফলে কর্মকর্তা-কর্মচারীরা সব সময় থাকছেন আতঙ্কের মধ্যে।
উপজেলা কোর্ট বিল্ডিংয়ে গিয়ে দেখা যায়, ভবনটিতে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার অফিস, পরিসংখ্যান অফিস, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন, সেটেলমেন্ট অফিস ও উপজেলা শিক্ষা প্রকৌশলীর কার্যালয় রয়েছে।
সরকারি নিয়মানুযায়ী সব কর্মকর্তা-কর্মচারী অফিস করছেন। কিন্তু প্রতিটি অফিসের কক্ষের ছাদে ফাটল ধরেছে। কিছু কিছু অংশের পলেস্তারা খসে পড়েছে।
মহিলাবিষয়ক দফতরে প্রশিক্ষণ নিতে আসা প্রশিক্ষণার্থীরা জানান, তারা এখানে প্রতিদিন সেলাইয়ের ওপর প্রশিক্ষণ নেন। কিন্তু মাথার ওপর মাঝে মাঝেই ছাদ থেকে ইট, খোয়া ও বালু খসে পড়ে। ভীষণ নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান তারা।
মহিলাবিষয়ক কর্মকর্তা তহমিনা খানম বলেন, অনেক দিন যাবত আমার অফিসের কক্ষগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। মাঝে মাঝেই কক্ষের ছাদ থেকে পলেস্তরা খসে পড়ে। গত রোববার ইট ও খোয়া ভেঙে মেঝেতে পড়েছে। ভাগ্য ভালো ওই সময়ে এখানে কেউ ছিল না। কেউ থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। তিনি দ্রুত ভবনের মেরামত কিংবা অফিস স্থানান্তরের দাবি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান বলেন, ইতোমধ্যে বিষয়টি আমি জেনেছি। এর আগে তাদের স্থানান্তরের বিষয়ে বলা হয়েছে কিন্তু তারা আগ্রহ প্রকাশ করেনি। রোববার মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ায় তারা আতঙ্কগ্রস্ত হয়েছেন। আমরা খুব দ্রুতই ওখান থেকে সব অফিস স্থানান্তর করে নতুন ভবনে নিয়ে আসব।



