পঞ্চগড়ের দেবীগঞ্জ সরকারি কলেজে আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কলেজের হল রুম, ব্যবহারিক রুমসহ চারটি রুমের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়।

ডোমার ফায়ার সার্ভিসের স্টোসন অফিসার ফরহাদ হোসেন বলেন, দুটি শ্রেণীকক্ষের ছাদ, ২০ বান্ডিল ঢেউটিন, ১৪৫ জোড়া বেঞ্চ, ৩০টি ফ্যান, চারটি টেবিল, বিজ্ঞান যন্ত্রপাতি পুড়ে গেছে। কলেজের অপর দুটি শ্রেণীকক্ষের আংশিক ক্ষতি হয়েছে।

কলেজের অধ্যক্ষ মো: আনিছুর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ডোমার ফায়ার সার্ভিসকে খবর দেই। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। অনুমান করা হচ্ছে যে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ডোমার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, অগ্নিকাণ্ডে কলেজের প্রায় ১৫ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে।

উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কলেজ পরিদর্শন করেছেন।