সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে রওশন এরশাদের নাম প্রস্তাব করে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দিয়েছে জাতীয় পার্টি। গতকাল রোববার সন্ধ্যায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের স্বাক্ষরিত ওই চিঠি পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী স্পিকারের দফতরে পৌঁছে দেন। এর আগে বিকেলে জাতীয় সংসদের লবিতে জাতীয় পার্টির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বিরোধীদলীয় নেতা হিসেবে রওশন এরশাদের নাম সর্বসম্মতভাবে প্রস্তাব করা হয়। তবে বিরোধীদলীয় উপনেতা কে হবেন তা এখনো ঠিক করতে পারেনি জাতীয় পার্টি। চলতি সংসদে রওশন এরশাদ বিরোধীদলীয় উপনেতার দায়িত্বে আছেন। তিনি বিরোধীদলীয় নেতার দায়িত্বে আসীন হওয়ার সাথে সাথে উপনেতার পদটি শূন্য হবে। এর পরপরই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টি।
সংসদীয় দলের বৈঠক শেষে জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের বলেন, আমাদের দলের সংসদ সদস্যরা সংসদীয় দলের সভায় বিরোধী দলের নেতা হিসেবে রওশন এরশাদকে মনোনয়ন করে স্পিকারের কাছে চিঠি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দলের পক্ষ থেকেও একটি চিঠি দিয়ে জানিয়ে দেয়া হয়েছে।
তিনি বলেন, গতকাল রোববার জাতীয় সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে রওশন এরশাদ বিরোধীদলীয় উপনেতা হিসেবে যোগ দিয়েছেন। একটু আগে আমরা লবিতে মিটিং করেছি। এখানে প্রায় বেশির ভাগ সংসদ সদস্য উপস্থিত ছিলেন। তবে বিরোধীদলীয় উপনেতার বিষয়টি এখনো ঠিক হয়নি। বিরোধীদলীয় নেতাসহ অন্যরা বসে এটি ঠিক করা হবে।
যদিও গতকাল শুরু হওয়া অধিবেশনে বিরোধী দলের নেতার আসনে রওশন এরশাদ বসেন এবং বিরোধী দলের উপনেতার আসনে জি এম কাদেরকে দেখা গেছে। এরপর ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং কাজী ফিরোজ রশীদের আসন বণ্টন দেয়া হয়েছে।
এর আগে শনিবার রাতে বারিধারা ক্লাবে রুদ্ধদ্বার বৈঠকে সিদ্ধান্ত হয় জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন জি এম কাদের। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করবেন রওশন এরশাদ। আর পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী হবেন তার ছেলে সাদ এরশাদ। এভাবেই সমঝোতায় পৌঁছান জাতীয় পার্টির দুই শীর্ষ নেতা জি এম কাদের এবং রওশন এরশাদ। দলের চেয়ারম্যান, সংসদে বিরোধীদলীয় নেতা নির্বাচন এবং রংপুর-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়েই মূলত এই বৈঠক হয়। জি এম কাদের, রওশন এরশাদ এবং জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এমপি ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন দলটির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, ফখরুল ইমাম এমপি, মুজিবুল হক চুন্নু এমপি, এ কে এম সেলিম ওসমান এমপি, অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবুল হোসেন বাবলা এমপি, লে. জেনারেল (অব:) মাসুদ উদ্দীন চৌধুরী এমপি এবং এস এম ফয়সল চিশতী।