কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হায়দার আলী (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরের দিকে বেলগাছা ইউনিয়নের পূর্ব কল্যাণপাড়া গ্রামের নিজ বাড়ির পুকুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, হায়দার আলী বিদ্যুতের লাইন টেনে রাতে পুকুরে লাইট জ্বেলে রাখতেন। ভুলবশত বিদ্যুতের লাইন না খুলে পুকুরে নেমে গোসল করতে গেলে বিদ্যুতায়িত হয়ে তিনি মারা যান।
মৃত হায়দার আলী কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পূর্ব কল্যাণপাড়া গ্রামের মৃত মাহাম মামুদের ছেলে।
বেলগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।