নওগাঁর রাণীনগরে প্রায় একযুগ ধরে শিকলে বাঁধা আসলাম হোসেন সাকিদার (৩৮) কে শিকল মুক্ত করে সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মানসিক ভারসাম্যহীনতার অজুহাতে উপযুক্ত চিকিৎসা না দিয়ে বাড়ির পার্শ্বে একটি খেজুর গাছের সাথে পা শিকল দিয়ে বেঁধে রাখার বিষয়টি এর আগে আসলামের বন্দি দশা নিয়ে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ছবিসহ প্রতিবেদন দৈনিক নয়া দিগন্তের সংবাদ প্রকাশ হয়।
প্রকাশিত সংবাদের ভিত্তিতে নওগাঁর জেলা প্রশাসক মো. হারুন অর রশিদের আন্তরিকতায় উপজেলা নির্বাহী অফিসার ও সমাজসেবা অফিসার ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বুধবার নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক বিভাগে নেয়ার পরামর্শ দেন। দীর্ঘ এক যুগ ধরে বন্দীদশা থেকে মুক্ত আসলাম হোসেনের প্রাথমিক চিকিৎসা খরচের দ্বায়িত্ব নিয়েছে উপজেলা সমাজসেবা অফিস।
উপজেলা ভারপ্রাপ্ত সমাজ সেবা অফিসার মো. রেজওয়ানুল হক বলেন, উপজেলার মিরাট ইউপি’র হরিশপুর গ্রামের আসলাম হোসেনের বিষয়টি দৈনক নয়া দিগন্ত পত্রিকায় জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুন’র প্রত্যক্ষ সহযোগীতায় আসলামকে শিকল মুক্ত করেন এবং দৈনিক নয়া দিগন্তর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পরে তাকে নওগাঁ মেডিকেল কলেজে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। আগামী শনিবার তাকে রাজশাহী মেডিকেলের মানসিক বিভাগে ভর্তি করাবো। তার প্রাথমিক চিকিৎসা ব্যয় আমার দপ্তর থেকে বহন করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুন বলেন, শিকলবন্দী আসলামের বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে তাকে শিকল মুক্ত করে নওগাঁ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। উপজেলা সমাজসেবা অফিসের খরচে তার প্রাথমিক চিকিৎসা করা হচ্ছে।



