দেশবরেণ্য সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে কুড়িগ্রামে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কবির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, শোক র্যালি, আলোচনাসভা ও কলেজ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ফুলেল শ্রদ্ধা জানান।
পরে জেলা প্রশাসনের উদ্যোগে স্বপ্নকুঁড়ি মিলনায়তনে কবির লেখা ও জীবনী নিয়ে স্মৃতিচারণমূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক সুলতানা পারভীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান, কুড়িগ্রাম সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল মীর্জা নাসির উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু প্রমুখ।
কবিকে শ্রদ্ধা জানাতে আসা লোকজন কবির কবর অযতœ অবহেলায় পড়ে থাকতে দেখে ক্ষোভ প্রকাশ করেন। তারা কবরে দ্রুততম সময়ে কমপ্লেক্সের কাজ শুরু করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এ দিকে তিন বছর পেরিয়ে গেলেও সৈয়দ শামসুল হকের নামে স্মৃতি কমপ্লেক্সের কাজ আটকে পড়ায় দুঃখ প্রকাশ করেছেন লেখকের সহধর্মিণী আনোয়ারা সৈয়দ হক। তিনি কমপ্লেক্সের কাজ সমাপ্ত দেখে মরতে চান বলে এক বার্তায় সাংবাদিকদের অবগত করেন।



