সিদ্ধিরগঞ্জে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় বাবা-ছেলেসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম। গ্রেফতারকৃতরা হলোÑ সিদ্ধিরগঞ্জ সাইলো গেট এলাকার আলী আকবর সরকার লাভলু (৫৩), তার ছেলে কামরুজ্জামান সরকার নওশাদ (২৯) এবং সোনারগাঁ উপজেলার কালিয়াকান্দি এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মজিবর রহমান (৩৮)। গত শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের কদমতলী পুল ও সাইলো গেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে গতকাল শনিবার বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের কদমতলী পুল ও সাইলো গেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
প্রথমে শুক্রবার বিকেলে কদমতলী পুল এলাকা থেকে কামরুজ্জামান নওশাদ সরকার ও মজিবর রহমানকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক সাইলো গেট এলাকার আলী আকবর লাভলুর বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে দেশীয় তৈরি অস্ত্র কারখানার সন্ধান পাওয়া যায়। এখান থেকে অস্ত্র তৈরির সরঞ্জামসহ আটক করা হয় লাভলুকে।
পুলিশ জানায়, ডিবি পুলিশের একটি টিম সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, অস্ত্র উদ্ধারের অভিযান চালানোর সময় সিদ্ধিরগঞ্জপুল এলাকায় শুক্রবার বিকেলে একটি এফ জেড সাদা মোটরসাইকেল রেজি: নং-ঢাকা মেট্রো-ল-১৮-০৩৯৯ আটক করে। পরে মোটরসাইকেল যাত্রী মো: কামরুজ্জামান ওরফে নওসাদ সরকার (২৯) এবং চালক মো: মজিবর রহমানের (৩৮) দেহ তল্লাশি করে ৭.৬৫ বোরের একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক কামরুজ্জামানের বাড়ির ছাদের একটি রুমে তল্লাশি চালিয়ে একটি অসম্পূর্ণ ম্যাগজিন এবং আগ্নেয়াস্ত্র তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতিসহ কামরুজ্জামানের বাবা আলী আকবর লাভলু সরকারকে (৫৩) আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়, তারা নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় অন্ত্র কেনাবেচাসহ সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিল। এসব অস্ত্র ব্যবসার সাথে কারা জড়িত, সে বিষয়ে ব্যাপক তদন্ত চলছে। সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জে অস্ত্র তৈরির কারখানা : গ্রেফতার ৩
সিদ্ধিরগঞ্জে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় বাবা-ছেলেসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি...



