ডেমরায় ইরাম চত্বর উদ্বোধন করা হয়েছে। বিকেলে মস্তমাঝি এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ইরামের স্মরণে এ চত্বরের উদ্বোধন করা হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭০ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ মো: আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএমপির ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মো: শাহ্ ইফতেখার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ডেমরা জোনের এসি মো: রবিউল ইসলাম, রামপুরা ট্রাফিক জোনের এসি হুমায়ুন কবির, ডেমরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সিদ্দিকুর রহমান ও রামপুরা ট্রাফিক জোনের টি আই বিপ্লব ভৌমিক প্রমুখ।
৭০ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ আতিক নয়া দিগন্তকে বলেন, ইরামের স্মৃতিকে সম্মান জানাতে এ স্মৃতি চত্বর করা হয়েছে। ইরাম বেঁচে থাকবে আমাদের মাঝে এই স্মৃতি চত্বরের মধ্য দিয়ে।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল এই স্থানে সড়ক দুর্ঘটনায় ডেমরা গোলাম মোস্তফা কলেজের মেধাবী ছাত্র ইরাম নিহত হয়েছে। সে আমুলিয়া পূর্বপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। শেষে ইরামের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।



