মাদারীপুর শহরের সবুজবাগ লঞ্চঘাট এলাকায় সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে মায়ের সাথে অভিমান করে রায়াত কাজী (১৩) নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রায়াত একই এলাকার মৃত ফজল কাজীর একমাত্র ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রায়াত লেখাপড়া করে না, কোন কাজকর্ম করে না এলাকার বখাটে ছেলেদের সাথে ঘোরাফেরা করে সময় কাটায়। এ সব বিষয় নিয়ে দুপুরে রায়াতের মা শাসন করে। এ জন্যই মায়ের সাথে অভিমান করে বসত ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেয়। পরে আশপাশের লোকজন রশির সাথে ঝুলন্ত দেখে তাকে উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে নিয়ে আসে। সদর হাসপাতালের চিকিৎসক পরীক্ষা করে দেখে রায়াতকে হাসপাতালে আনার আগেই সে মারা যায়।
কিশোর রায়াতের খালা সামসুন্নাহার বলেন, আমার বোনের ছেলেটি একটু অভিমানী ছিল। সে লেখাপড়া করতো না, কোন কাজকর্ম করতো না। মাঝেমধ্যেই মোবাইল বা অন্য কিছু কেনার জন্য মায়ের সাথে রাগারাগি করতো। ওর বাবা ছোট থাকতেই ওদের রেখে মারা যায়। আমার বোন একটি প্রাইভেট হাসপাতালে চাকুরী করে কোনমতে সংসার চালাতো। রায়াতের ছোট একটি বোনও আছে।
মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক মোঃ আবু জাফর হাওলাদার বলেন, এক কিশোরকে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসে। আমরা পরীক্ষা করে দেখি হাসপাতালে আনার আগেই সে মারা গেছে।
মাদারীপুর সদর থানার ওসি মোঃ সওগাতুল আলম বলেন, এক কিশোর রশি দিয়ে গলায় ফাঁস দেয়ার ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে আছে।



