সিরাজদীখানে ‘ঢাকা নিরাপদ সিটি’ হাউজিং কোম্পানির বালু ভরাট এবং টাকা ভাগবাটোয়রা নিয়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ এবং বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এতে খাসকান্দি গ্রামের মৃত ছাত্তার মিয়ার ছেলে সালে মুহাম্মদ (২৬) গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি গ্রামের হাজী বাজারসংলগ্ন ‘ঢাকা নিরাপদ সিটি’ নামক হাউজিং কো¤পানির পার্টনার কামিজুদ্দিন কামু ও খালেক মিয়ার গ্রুপের মধ্যে টাকার ভাগবাটোয়ারা এবং ওই হাউজিং কোম্পানির বালু ভরাট নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে দু’পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে মুহাম্মদ নামে একজন গুরুতর আহত হয় এবং কামিজুদ্দিন কামুর লোকজন খালেক মিয়ার বাড়িঘর ভাঙচুর করে।
ঢাকা নিরাপদ সিটির পার্টনার খালেক মিয়া জানান, কামিজুদ্দিন কামু অন্য পার্টনারদের না জানিয়ে এই কোম্পানি থেকে সাত লাখ টাকা নিজে উঠিয়ে নিয়ে যায়। এই টাকার সমাধান না করেই সে একা বালু ভরাটের কাজ করতে চাইলে ঝগড়ার সৃষ্টি হয় এবং কামিজুদ্দিন কামুর লোকজ আমার বাড়িঘর ভাঙচুর করে।
অভিযুক্ত কামিজুদ্দিন কামু জানান, আমরা নিরাপদ হাউজিং সিটিতে বালু ভরাট করতে গেলে খালেক মিয়ার লোকজন আমাদের কাছে টাকা চাইলে এই ঝগড়াবিবাদ হয়। পূর্বশত্রুতার জের ধরে খালেকের বাড়িঘর ভাঙচুর হয়েছে। আমার কোনো লোকজন বাড়িঘর ভাঙচুর করেনি।



