বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনে শেখ হাসিনার দুর্নীতিবিরোধী চলমান অভিযানে সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলে আমরা সবাই মিলে একটি দুর্নীতি মুক্ত দেশ, সমাজ ও রাষ্ট্র গঠন করতে পারব।
তিনি আরো বলেন, দুদক নিজেদের কর্মকর্তাদের দেশ-বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে অনেক ক্ষেত্রেই এখন সক্ষমতা অর্জন করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতায় চেষ্টা চালিয়ে যাচ্ছে দুদক, তবে এ চেষ্টা তখনই সফল হবে যখন জনগণ বলবে সব কিছু ঠিকঠাকভাবে চলছে, কোথাও দুর্নীতি হচ্ছে না।
দুদক আয়োজিত সরকারি দফতরের সেবা পেতে হয়রানি বা দুর্নীতির অভিযোগসংক্রান্ত গণশুনানির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার সকালে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা: মোখলেছুর রাহমান। এ সময় বক্তৃতা করেন : জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার ড. এ এইচ কামরুজ্জামান প্রমুখ।
পরে জেলা প্রশাসকের সঞ্চালনায় গণশুনানিতে অংশ নেন ভুক্তভোগীরা।



