স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা দুর্নীতি ও টেন্ডারবাজির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করছি। এটাকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, যেখানেই দুর্নীতি দেখব, আইনশৃঙ্খলার অবনতি দেখব, সেখানেই অভিযান অব্যাহত থাকবে।
গতকাল বুধবার দুপুরে খাগড়াছড়ি জেলার রামগড় নবনির্মিত থানা ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, পার্বত্য এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পার্বত্য এলাকার জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেয়া হবে। শান্তিশৃঙ্খলার স্বার্থে সারা দেশের মতো পার্বত্য অঞ্চলেও যখন যা প্রয়োজন তাই করা হবে। শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে সারা দেশকে একই পর্যায়ে নিয়ে আসতে চাই। কারণ পার্বত্য অঞ্চলের জন্য আলাদা কিছু নাই।
স্বরাষ্ট্রমন্ত্রী ফলক উন্মোচন করে রামগড় উপজেলায় চারতলাবিশিষ্ট নবনির্মিত রামগড় মডেল থানা ভবন উদ্বোধন করেন।
এ সময় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি, সংরক্ষিত আসনের এমপি বাসন্তি চাকমা, বাংলাদেশ বর্ডার গার্ডের মহাপরিচালক মেজর জেনারেল মো: সাফিনুল ইসলাম, পুলিশের চট্টগ্রাম অঞ্চলের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক প্রতাপচন্দ্র বিশ^াস, পুলিশ সুপার মো: আহমার উজ্জামানসহ বিভিন্নপর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। সাত কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে চারতলাবিশিষ্ট রামগড় মডেল থানা ভবন নির্মাণ করা হয়।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী রামগড় উচ্চবিদ্যালয় মাঠে মাদক, সন্ত্রাস ও উগ্রবাদ বিরোধী এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সমাবেশে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপিসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।



