মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের থাকার জন্য নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ভাসানচরে প্রস্তুত করা হয়েছে ঘরবাড়ি। প্রথম পর্যায়ে এক লাখ রোহিঙ্গাকে সেখানে পুনর্বাসন করা হবে। মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির পঞ্চম সভায় এ তথ্য জানানো হয়েছে।
স্থায়ী কমিটির সভার একটি সূত্র জানায় মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য ভাসানচরের প্রায় সব প্রকল্প শেষ পর্যায়ে। সেখানে এখন লাখ রোহিঙ্গা থাকার ব্যবস্থা করা হয়েছে। নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের এটি স্থাপন করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আশ্রয়ণ প্রকল্প-৩ এর পরিচালক এ এ মামুন চৌধুরী কমডোর বিএন স্বাক্ষরিত এক কার্যপত্রে এতথ্য তুলে ধরা হয়েছে।
প্রকল্পটির জন্য জিওবি খাত থেকে বরাদ্দতকৃত ২৩ হাজার ১২১ কোটি ৫৩ লাখ ১০ হাজার টাকার মধ্যে ২২ হাজার ৬৫৯ কোটি ৪ লাখ ৪০ হাজার টাকা ব্যয় করা হয়েছে এবং ৪৬২ কোটি ৪৩ লাখ ১০ হাজার টাকা কন্টিজেন্সির জন্য অব্যয়িত রয়েছে। বৈঠকে ভাসানচর আবাসন প্রকল্প নিয়ে আলোচনা করা হয় এবং এ প্রকল্পের উপর একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনও উপস্থাপন করা হয়।
কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. মোতাহার হোসেন, মো. নাসির উদ্দিন, মো. মহিববুর রহমান এবং নাহিদ ইজাহার খান অংশ নেন।



