খাগড়াছড়িতে উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের উদ্যোগে বুধবার সকাল ১০টায় খাগড়াছড়ি টাউন হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ধারাবাহিকভাবে আয়োজিত সংলাপের অংশ হিসেবে আজ জনপ্রতিনিধিদের নিয়ে এ সেমিনারের আয়োজন করা হয়।
খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো: রফিকুল আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শানে আলম, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কাশেম, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম, কাউন্টার টেরোরিজমের এডিসি জাহিদুল হক তালুকদার। ডিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগের (এডিসি) পুলিশ সুপার আব্দুল মান্নান উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন।
সেমিনারে প্রধান অতিথি বলেন, সামাজিক, রাজনৈতিক, নাগরিক জীবন কিংবা দেশ ও জাতির পরিবর্তনে নাগরিক সচেতনতায় পরিবর্তনের মূল শক্তি। এই সচেতনতা একমাত্র সম্ভব আমাদের জনপ্রতিনিরা যদি নাগরিকদের সচেতন করে তোলেন। আব্দুল মান্নান তার উপস্থাপনায় বলেন, বর্তমানে বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে সহিংস উগ্রবাদ নিয়ন্ত্রণে কঠোর নজরদারি ও তৎপর রয়েছে তাতে উগ্রবাদ নিয়ন্ত্রণে রয়েছে। এই নিয়ন্ত্রণকে কার্যকর ও সার্বিকভাবে সফলতা নিশ্চিত করার জন্য প্রয়োজন নাগরিক সম্পৃক্ততা, জনসচেতনতা।
সেমিনারে বক্তারা সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সামাজিক সচেতনতার সৃষ্টির উপর গুরুত্বারোপ করে বলেন, এ ক্ষেত্রে নির্বাচিত জনপ্রতিনিধিদের ভূমিকা রাখতে হবে। সেমিনার থেকে উগ্রবাদ দমনে করণীয় নিয়ে সবাই মতামত ও সুপারিশ প্রদান করেন।
সেমিনারে খাগড়াছড়ির ৯টি উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও পুলিশের বিভিন্নপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



