বগুড়ার শিবগঞ্জে নানার বাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে আব্দুল্লাহ্ নামে তৃতীয় শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার করতোয়া নদী থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আব্দুল্লাহ সোনাতলা উপজেলার কুসারঘোপ গ্রামের আবু তাহেরের পুত্র।
শিশুটির পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বাবা তাহের উদ্দিনের চাকরির সুবাদে শিশুটি তার বাবা-মায়ের সাথে নারায়ণগঞ্জে থাকতো। সেখানেই একটি স্কুলে সে লেখাপড়া করতো। গত সপ্তাহে মা রাজিয়ার সাথে পার রায়নগর সুদামপুর গ্রামে তার নানা আমজাদ হোসেনের বাড়িতে বেড়াতে আসে সে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সে দলবদ্ধ হয়ে নানার বাড়ির পাশে করতোয়া নদীর ধারে খেলা করতে যায়। খেলাধুলার একপর্যায়ে নদীর কিনারা থেকে হঠাৎ পানিতে পড়ে নিখোঁজ হয়। এ সময় তার সাথে থাকা অন্য শিশুরা চিৎকার করলে আশেপাশের লোকজন দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে শিবগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য শাহীনুর রহমান শাহীন শিশুটির মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।



