কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নের চর রসুলপুর গ্রামে এক অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে ৮টি গরু। দগ্ধ হয়েছে আরো ১২টি গরু। এ ঘটনায় ২টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া ৪টি ভেড়া ও ৪টি রাজহাঁস পুড়ে মারা গেছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গ্রামের আয়নাল মিয়ার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার বিকাল সাড়ে ৪টায় কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমীন ক্ষতিগ্রস্ত এলাকা পরির্দশন করেন।
ঘোগাদহ ইউপি চেয়ারম্যান শাহ আলম মিয়া জানান, দুধকুমর নদ দ্বারা বিচ্ছিন্ন ইউনিয়নের প্রত্যন্ত চর রসুলপুর গ্রামে কৃষক আয়নাল হকের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। এতে আয়নাল হক ও তার ছেলে আনিছুর রহমানের ব্যাপক ক্ষতি হয়। আগুনে পুড়ে যায় একটি বসতঘরসহ গোয়ালঘর। আনিছুর রহমানের ৬টি গরু, ৪টি ভেড়া ও ৪টি রাজহাঁস অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। অপর দিকে আয়নাল হকের ২টি গরু মারা যায়। এ ঘটনায় দগ্ধ হয় আরো ১২টি গরু। এ ঘটনায় দুটি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।