বগুড়ার শাজাহানপুরে আসিফ নামে আট বছরের এক শিক্ষার্থীকে ওপর থেকে ফেলে দিয়ে পা ভেঙে দিয়েছে শিক্ষক সাইফুল ইসলাম। এ ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছে। আসিফ উপজেলার পোয়ালগাছা নুরানী কওমি মাদরাসার ছাত্র এবং একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার বেলা ১১টায় আসিফ অন্যান্য ছাত্রের সাথে খেলা করছিল। এ সময় শিক্ষক সাইফুল ইসলাম অসময়ে খেলা ও দুষ্টুমীর অপরাধে দু হাতে ধরে আসিফকে উঁচু করে পাকা ঘরের মেঝেতে ফেলে দেয়। আঘাত লেগে আসিফের পা ভেঙে যায় ও মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। এ ঘটনা জানাজানি হলে এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে মাদরাসায় আসতে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে ওই শিক্ষক পালিয়ে যায়।
আসিফ জানায়, সে সবার সাথে খেলা করছিল। এ সময় শিক্ষক সাইফুল এসে অসময়ে খেলা ও দুষ্টুমী করার অপরাধে তার মুখ ও মাথা শক্ত করে ধরে উচু করে মেঝেতে ফেলে দেয়। এতে আঘাত লেগে পা ভেঙে যায় ও মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। এরপর তারা শিশুটিকে উদ্ধার করে বগুড়া ক্লিনিকে নিলে তার পা ভেঙে গেছে বলে ডাক্তার জানান। এ ঘটনার পর থেকে মাদরাসার সভাপতি ও সাধারণ সম্পাদককে পাওয়া যায়নি।
এ বিষয়ে উক্ত মাদরাসার প্রধান শিক্ষক বেলাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার পর থেকে শিক্ষক সাইফুল পলাতক রয়েছেন এবং এ অপরাধে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। তবে কোনো মামলা দায়ের করা হয়নি।