বগুড়ার শাজাহানপুরে পৌরসভার ভেতরে ও বাইরে অবৈধ ইটভাটার ছড়াছড়ি। এসব অবৈধ ইটভাটা পরিবেশ অধিদফতর থেকে অনুমোদন না পাওয়ায় শুধু হাইকোর্টে রিট করে চলছে বছরের পর বছর। ফলে উপজেলার কৃষি জমি, ফসল ও প্রাকৃতিক পরিবেশের ব্যাপক ক্ষতি হলেও দেখার কেউ নেই। বেশ কয়েকটি ইটভাটা মালিককে প্রশাসন থেকে সতর্ক করে দেয়া হলেও ভাটার মালিকরা আবারো প্রস্তুতি নিচ্ছেন ইট পোড়ানোর। সেই সাথে পৌরসভার মধ্যেকার বেআইনি ইটভাটা অপসারণে ভ্রাম্যমাণ আদালত সম্প্রতি অভিযান চালিয়ে একটি ভাটা অপসারণ ও জরিমানা আদায় করলেও রহস্যজনক কারণে অন্য ভাটাগুলো অপসারণ করা হচ্ছে না।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে বগুড়া জেলায় বৈধ ও অবৈধ ২১৯টি ইটভাটা রয়েছে। এর মধ্যে সরকারের অনুমোদন রয়েছে ৭৪টির। বাকি ১৪৫টি অবৈধভাবে চলছে। এ ছাড়া সরকারের সর্বশেষ পরিবেশ আইন অনুযায়ী পৌর এলাকার মধ্যে কোনো ইটভাটা থাকবে না। অথচ শুধু বগুড়া পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ড ও ২১ নম্বর ওয়ার্ডের মধ্যে (শাজাহানপুর উপজেলা) ২৪টি ভাটা রয়েছে। সেগুলো অপসারণের পরিবর্তে আসন্ন মওসুমে ইট পোড়ানোর প্রস্তুতি চলছে। এর আগে গত ২৭ অক্টোবর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একটি ভাটা ভেঙে দেয় এবং জরিমানা আদায় করে। এরপর অবৈধ ভাটার বিরুদ্ধে আর কোনো অভিযান দেখা যায়নি। তারও আগে আইনটি কার্যকর করতে জেলা প্রশাসক নিজ উদ্যোগে তিনটি ভাটা অপসারণ করেন।
এ দিকে অবৈধ ইটভাটা মালিকরা পৌর এলাকায় ইটভাটা চালাতে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সময়ের আবেদন করেন। কিন্তু শুনানি শেষে গত ২২ অক্টোবর আবেদন খারিজ করেন মন্ত্রণালয়ের সচিব। এরপর পৌর এলাকায় ইটভাটা চালানোর কোনো সুযোগ না থাকলেও অবৈধ কাগজপত্র তৈরি করে আবারো ভাটা পরিচালনার কৌশল নেয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বৈধ ভাটা মালিকরা। তারা সংশ্লিষ্টদের ম্যানেজ করে ইটভাটা চালানোর তৎপরতা চালাচ্ছেন বলে সন্দেহের সৃষ্টি হয়েছে।
শাজাহানপুরের মেসার্স এলজিবি ব্রিকসের মালিক সেলিম মাহমুদ ফেরদৌস বলেন, পরিবেশ অধিদফতর থেকে ছাড়পত্র না দেয়ায় হাইকোর্টে রিট করে তারা ইটভাটা চালিয়ে আসছেন। একই কথা জানিয়েছে অবৈধ অন্য ইটভাটার মালিকরাও।
এ বিষয়ে পরিবেশ অধিদফতরের বগুড়াস্থ রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক মকবুল হোসেন বলেন, কৃষি উর্বর ভূমি, গ্রামের অভ্যন্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানসংলগ্ন হওয়ায় শাজাহানপুরের ইটভাটাগুলোকে পরিবেশ অধিদফতর থেকে ছাড়পত্র দেয়া হয়নি। তারা শুধু হাইকোর্টে রিট করে ইটভাটা চালাচ্ছে।
শাজাহানপুরে অবৈধ ইটভাটার ছড়াছড়ি
বগুড়ার শাজাহানপুরে পৌরসভার ভেতরে ও বাইরে অবৈধ ইটভাটার ছড়াছড়ি। এসব অবৈধ ইটভাটা পরিবেশ অধিদফতর থেকে অনুমোদন না পাওয়ায় শুধু হাইকোর্টে রিট করে চলছে বছরের পর...



