শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শীতকালীন ছুটির সময়সীমা পরিবর্তন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানান রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেন। রেজিস্ট্রার জানান, শাবির আসন্ন তৃতীয় সমাবর্তনকে ঘিরে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার জন্য শীতকালীন অবকাশ অ্যাকাডেমিক ক্যালেন্ডারে উল্লেখিত আগামী ১৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের পরিবর্তে ২০২০ সালের ৫ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এ দিকে ছুটি চলাকালে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ রাখারও সিদ্ধান্ত হয়েছে বলে জানায় সিন্ডিকেট সূত্র। নিরাপত্তা বাহিনীর সাথে কথা বলে এ বিষয়টি চূড়ান্ত করার ব্যাপারে গত সোমবার বিকেলে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ জানুয়ারি শাবির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিতব্য সমাবর্তনে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ এবং বক্তা হিসেবে বিশিষ্ট লেখক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম উপস্থিত থাকবেন।