চট্টগ্রামের সাতকানিয়ায় পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলার নলুয়া ইউনিয়নের পশ্চিম নলুয়া এলাকায় আনিছুর রহমান (৪) এবং পুরানগড় ইউনিয়নের মনেয়াবাদ এলাকায় মুসাররাত জান্নাত নুসাইবা (দেড় বছর) বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায়। আনিছ উপজেলার চরতী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কুতুব উদ্দিনের ছেলে এবং মুসাররাত জান্নাত পুরানগড় ইউনিয়নের মনেয়াবাদ গ্রামের নজরুল ইসলামের মেয়ে।
জানা যায়, গত মঙ্গলবার সকালে আনিছ মায়ের সাথে পশ্চিম নলুয়ার ঘোনারপাড়া এলাকায় নানার বাড়িতে বেড়াতে আসে। দুপুরের দিকে তার মা ডাক্তার দেখাতে যান। এ সময় আনিসুর নানার বাড়ির উঠানে খেলা করছিল। পরে কোনো এক সময় সে পুকুরের পানিতে পড়ে যায়। স্থানীয় লোকজন বেলা ১টার দিকে পুকুর থেকে আনিসকে উদ্ধার করে কেরানীহাট আশশেফা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই দিন দুপুর দেড়টার দিকে পুরানগড় ইউনিয়নের মনেয়াবাদ এলাকায় পুকুরের পানিতে পড়ে মুসাররাত জান্নাত নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তার পারিবারিক সূত্রে জানা যায়, মুসাররাতের মা বাড়ির ভেতরে রান্নাবান্না করার সময় সে পাশের পুকুরে পড়ে যায়। পরে মুসাররাতকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন খোঁজাখুঁজি শুরু করলে বেলা ২টার দিকে পুকুরের পানিতে ডুবে থাকা অবস্থায় মুসাররাতকে উদ্ধার করা হয়। পরে কেরানীহাটের আশশেফা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।