দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা গুলি করে আশু আলী খান লিংকন (৩২) নামে এক বাংলাদেশী যুবককে হত্যা করেছে। বাংলাদেশ সময় শনিবার সকাল ৮টার দিকে ফোর্ডসবার্গে নিজ প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
নিহত লিংকন নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর রাজারামপুর গ্রামের খানা পাড়ার আক্তার খানের বাড়ির দলিলুর রহমান খানের ছেলে। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে সবার বড় ছিলেন তিনি।
নিহতের পরিবারের চাচাতো ভাই যুবরাজ খান ডলার জানান, লিংকন জীবিকার সন্ধানে প্রায় ১০ বছর আগে দক্ষিণ আফ্রিকায় যায়। জোহানেসবার্গের ফোর্ডসবার্গে কিছু দিন আগে মোবাইল ফোনের ব্যবসা চালু করে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি দক্ষিণ আফ্রিকা যাওয়ার পর আর দেশে আসেনি। ব্যবসা করে যা পেতেন তা দিয়ে কোনো রকম তাদের সংসার চলত। আগামী মাসে বাড়িতে আসার কথা ছিল তার।
ডলার জানান, শনিবার রাতে একদল কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী লিংকনের দোকানে এসে মালামাল লুট করার সময় তিনি বাধা দিলে তাকে গুলি করে সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ দিকে, উপার্জনক্ষম একমাত্র সন্তানকে হারিয়ে কাঁদতে কাঁদতে বারবার মূর্ছা যাচ্ছে লিংকনের বাবা দলিলুর রহমান ও মা সেতারা বেগম। এ সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে এলাকায় শোকের ছায়া নেমে আসে। লিংকনের লাশ দেশে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন তার পরিবারের সদস্যরা।
দক্ষিণ আফ্রিকায় সেনবাগের যুবককে গুলি করে হত্যা
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা গুলি করে আশু আলী খান লিংকন (৩২) নামে এক বাংলাদেশী যুবককে হত্যা করেছে। বাংলাদেশ সময় শনিবার সকাল ৮টার দিকে ফোর্ডসবার্গে...



