কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে স্পেশাল ক্লাস ও চতুর্থ বর্ষ অনার্স বিভাগে ফরম ফিলাপের নামে অতিরিক্ত অর্থ আদায়ে বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা অধ্যক্ষের অপসারণ দাবিতে সোমবার সকাল সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।
মিছিল শেষে বটতলা চত্বরে বক্তব্য রাখেনÑ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সুমন রায়, কলেজ শিক্ষার্থী বাবলু, আলামিন, শুভ, রিয়াদ, রাকিব, রিফাত, জিয়াদ প্রমুখ।
উল্লেখ্য, চলতি বছর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য নির্ধারিত ৩৫০ টাকার জায়গায় কলেজ কর্তৃপক্ষ স্পেশাল ক্লাসের নামে বাড়তি আরো ৫০০ টাকা করে আদায় করে। এ ছাড়াও চতুর্থ বর্ষ অনার্স বিভাগে ছয়টি সাবজেক্টে প্রতি শিক্ষার্থীর জন্য দুই হাজার ৭০০ টাকা সরকারিভাবে নির্ধারণ করা হলেও বিভিন্ন খাত দেখিয়ে শিক্ষার্থীদের থেকে পাঁচ হাজার ৮০০ টাকা করে আদায় করা হচ্ছে। অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। উদ্ভূত পরিস্থিতিতে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেন ঘটনাস্থলে গিয়ে কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সাথে বৈঠক করেন।



