চুয়াডাঙ্গায় র্যাব সদস্যরা অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আল্লাহ দলের’ সক্রিয় তিন সদস্যকে গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার মাঝরাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেনÑ চুয়াডাঙ্গা সদর উপজেলার কুলচারা গ্রামের রুহুল আমিন (৪০), গোপীনাথপুর গ্রামের কলম মণ্ডল (৩৯)ও ঝিনাইদহ জেলার ভুটিয়ারগাতি গ্রামের নুর ইসলাম (৩৮)।
র্যাব-৬ গতকাল শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলের’ কয়েকজন সক্রিয় সদস্য বৈঠক করছে এমন গোয়েন্দা তথ্যে র্যাব সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিন সদস্যকে গ্রেফতার করা হয়। সাথে থাকা অজ্ঞাতনামা সাত থেকে আটজন পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের কাছ থেকে দু’টি উগ্রবাদী লিফলেট, সংগঠনের সদস্যদের নামের তালিকা এবং গোপন বৈঠকে হাজিরার তালিকাসহ গুরুত্বপূর্ণ কিছু নথি এবং তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়।
র্যাব জানায়, দীর্ঘ দিন ধরে নিষিদ্ধ সংগঠন ‘আল্লাহর দল’ সংগঠনের সমর্থন এবং এর কর্মকাণ্ডকে গতিশীল ও উৎসাহিত করার উদ্দেশ্যে প্রচারণা চালিয়ে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।