মাদারীপুরে পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় ওয়ার্কার্স পার্টির নেতাসহ দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।

আজ রোববার দুপুরে সদর উপজেলার আছমত আলী খান সেতুর টোল সংলগ্ন মোড়ে ও শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, সদর উপজেলার কালিকাপুর এলাকার জৈনদ্দিন মুনশির ছেলে আব্দুল হাই মুন্সি (৬৫)। তিনি জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য ছিলেন। এ সময় আহত হন আরো চারজন।

অপরদিকে শিবচর উপজেলার নলগোড়া এলাকার মোতালেব আকনের ছেলে আব্দুল হক আকন (৫৫)। তিনি পাঁচ্চর বাসস্ট্যান্ড এলাকায় ঘুরে ঘুরে বাদাম বিক্রি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল হাই মুন্সি একটি ইজিবাইকে করে মাদারীপুর শহর থেকে গ্রামের বাড়ি সদর উপজেলার কালিকাপুরে যাচ্ছিলেন। মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের আছমত আলী খান সেতুর টোল সংলগ্ন মোড়ে ইজিবাইকটি কালিকাপুরের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ইজিবাইকে থাকা আব্দুল হাই মুন্সিসহ আরো চারজন আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার আব্দুল হাই মুন্সিকে মৃত ঘোষণা করেন।

আহত চারজনের মধ্যে আ: রশিদ হাওলাদারকে (৪৫) আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

অপরদিকে দুপুর ৩টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে বেপারী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই লরিকে (ট্রাক্টর) ধাক্কা দেয়। এ সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাদাম বিক্রিতা আব্দুল হক আকন বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এছাড়াও বাসের ধাক্কায় ট্রাক্টরে থাকা আরো ছয়জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

মাদারীপুুর জেলা ওয়ার্কাস পার্টির জেলা সভাপতি শহিদুল কবির খোকন বলেন, আমাদের পার্টির এই সদস্য খুবই ভালো একজন মানুষ ছিলেন। আমি ও আমার দলের পক্ষ থেকে গভীরভাবে শোকাহত। আমি তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, মাদারীপুরে আলাদা দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নিয়েছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করেছে।