রাজবাড়ীর বালিয়াকান্দিতে মামাতো বোনকে অপহরণের অভিযোগ উঠেছে এক সৌদি আরব প্রবাসীর বিরুদ্ধে। অপহৃত সপ্তম শ্রেণি পড়ুয়া ওই ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। একইসাথে মোঃ মানিক শেখ (২৭) নামের ওই সৌদি প্রবাসীকে গ্রফতার করা হয়েছে।

বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা ওবায়েদুল হক বলেন, উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া বিএমবিসি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীকে (১৫) গত ৩ নভেম্বর সকাল ১০টার হইকোল গ্রামের কাচা রাস্তার উপর থেকে অটোবাইকযোগে অপহরণ করে নিয়ে যান মানিক শেষ ও মিঠু শেখসহ অজ্ঞাত ২-৩ জন। মানিক শেখ কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের দেওয়ালী গ্রামের হারুন-অর রশিদের ছেলে এবং মিঠু শেখ মাজবাড়ী গ্রামের হোসেন শেখের ছেলে। অপহৃত ওই ছাত্রীর পিতা বাদী হয়ে রাজবাড়ী আদালতে গত ২০ নভেম্বর মামলা দায়ের করেন। মামলাটি বালিয়াকান্দি থানার ওসিকে রেকর্ডের নির্দেশ দেন।

তিনি বলেন, গত ২ ডিসেম্বর মামলাটি বালিয়াকান্দি থানায় রেকর্ড করা হয়। মঙ্গলবার দুপুরে কালুখালী উপজেলার দেওয়ালী এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ওই ছাত্রীকে উদ্ধার করাসহ প্রধান অভিযুক্ত সৌদি প্রবাসী মোঃ মানিক শেখকে গ্রেফতার করা হয়। ওই ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

মোঃ মানিক শেখ জানায়, তিনি সৌদি আরবে থাকতেন। এখন বাড়ীতে আছেন। ওই ছাত্রী তার মামাতো বোন। প্রেমের সম্পর্কে তারা বিয়ে করেছে বলে তার দাবী।