কুড়িগ্রামের নাগেশ^রী উপজেলার পাখিউড়া সীমান্তে আবুল হাশেম (২৫) নামে গুলিতে আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গত মঙ্গলবার ভোরে গুলিবিদ্ধ হাশেমকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিকেলে ভর্তি করা হয়। রাত সাড়ে ৯টায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশিদ ও নারায়ণপুর ৫ নং ওয়ার্ড সদস্য শাহাদৎ হোসেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে আবুল হাশেমসহ ৪/৫জনের একটি দল গরু আনতে সীমান্তে যায়। এসময় তারা আন্তর্জাতিক পিলার ১০৩৯ এর সাব পিলার ৮এস/অস্থায়ী পিলারের পাশ দিয়ে ভারতের আসাম রাজ্যের সয়তালমারী এলাকার দুশো গজ অভ্যন্তরে প্রবেশ করে।
ভারতীয় ৪১ বিএসএফ জওয়ানরা তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোঁড়ে। এসময় আবুল হাশেম মাথার পাশে গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত আবুল হাশেমকে তার সঙ্গীরা বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে এসে প্রথমে গোপনে চিকিৎসার ব্যবস্থা করে। পরে অবস্থার অবনতি হলে তাকে বিকেলের দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু ঘটে।
নিহত যুবক নাগেশ^রী উপজেলার কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের কালাইয়ের চর এলাকার আবু বক্কর সিদ্দিকের পূত্র। কচাকাটা থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ জানান, রংপুরে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।