সিরাজগঞ্জের কাজিপুরে মাদক বিক্রেতাদের অবাধ তৎপরতা চলছে। দুর্গম চরাঞ্চলের ছয়টির সব ইউনিয়নে প্রকাশ্যে মাদকদ্রব্য বেচাকেনা হচ্ছে। ওই ছয় ইউনিয়নে বিভিন্ন ধরনের মাদক অবাধে কেনাবেচা হচ্ছে। মাদকবিরোধী অভিযানে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ি পুলিশ মাঝে মধ্যে চিহ্নিত মাদক বিক্রেতাদের গ্রেফতার করলেও বন্ধ নেই মাদক কারবার। নাটুয়ারপাড়া, ভেটুয়া, পানাগাড়ি, তেকানী, জর্জিরা, রঘুনাথপুর, কুমারিয়াবাড়ি ও শালগ্রাম এলাকায় ভোর থেকে রাত পর্যন্ত চলছে মাদকের কেনাবেচা। বর্তমানে নাটুয়ারপাড়া, তেকানী, নিশ্চিন্তপুর, চরগিরিশ ও মনসুরনগর ইউনিয়নে মাদক কারবারের অভয়ারণ্য হিসেবে পরিচিতি পাচ্ছে।
এখানে নৌপথ ও সড়কপথে মাদক এসে ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায়। ওইসব এলাকায় কয়েকজন মাদক বিক্রেতা পাইকারি কেনাবেচা করে। ওই সব এলাকাবাসীর অভিযোগ যে, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও পুলিশের ছত্রছায়ায় চলছে মাদক বিক্রি। এসব মাদক ব্যবসায়ীদের কাছে মেলে ইয়াবা, ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন ধরনের নেশার ইনজেকশন। পাশের জেলা সিরাজগঞ্জ, জামালপুর ও বগুড়া জেলার সমগ্র এলাকা থেকে মাদক সরবরাহ হয়ে থাকে। নাম প্রকাশ না করার শর্তে কয়েক মাদকসেবী জানান, কিছু দিন আগে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ি পুলিশের মাদকবিরোধী অভিযানের প্রথম দিকে কয়েক দিন মাদক মেলেনি। কিন্তু অভিযান ঢিলেঢালা হওয়ার পর থেকে এখন সব ধরনের মাদক মিলছে। বর্তমানে চর এলাকায় সবচেয়ে বেশি পরিমাণ মাদক মিলছে।
কাজিপুর উপজেলার দুর্গম চরাঞ্চলে মাদক বিক্রির বিষয়টি নিশ্চিত করেন ১২ নম্বর মনসুরনগর ইউনিয়ন চেয়ারম্যান আবদুর রাজ্জাক রাজমহর। নাটুয়ারপাড়া পুশিল ফাঁড়ির ইনচার্জ জাহিদুল ইসলাম মাদক বিক্রির কথা অস্বীকার করেন।