টেকনাফে ইয়াবা ও বিদেশী পিস্তলসহ আটক হওয়ার পর ছাত্রলীগ নেতা আবদুল মোতালেব ফরহাদকে (২৪) সংগঠন থেকে বহিষ্কার করেছে ছাত্রলীগ। টেকনাফের হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ দীর্ঘদিন থেকে ইয়াবা পাচার করে আসছিল। গত বুধবার তাকে হ্নীলা ইউনিয়নের লেদা স্পোর্টিং ক্লাব থেকে ৬০ হাজার পিস ইয়াবা ও বিদেশী পিস্তলসহ আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন সদর দফতরে এ নিয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি প্রকাশ করেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। পরে আজ শুক্রবার তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে সাংবাদিকদের জানান টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ।