কক্সবাজারের টেকনাফে বিজিবি সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইমাম হোসেন নামের এক ইয়াবা কারবারি নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফের হ্নীলার জাদিমোরা গ্রামের নাফ নদীর পাড়ে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে এক লাখ ২০ হাজার ইয়াবা ও দেশীয় তৈরী একটি বন্দুক উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবাগুলোর আনুমানিক মূল্য তিন কোটি ৬০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। নিহত ইমাম হোসেন (২৫) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরা গ্রামের আব্দুস সালামের ছেলে।
বিজিবি টেকনাফস্থ ২নং ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: ফয়সল হাসান খান জানিয়েছেন, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান আসার গোপন খবরে নাফ নদীর পাড়ে অবস্থান নেয় বিজিবি সদস্যরা। এ সময় মিয়ানমারের লালদ্বীপ হয়ে নাফ নদী পার হওয়া একটি নৌকা বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা নৌকার যাত্রীদের চ্যালেঞ্জ করে। এ সময় পাচারকারিরা বিজিবি সদস্যদের ওপর অতর্কিতভাবে গুলি করে। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি করে। গোলাগুলির এক পর্যায়ে পাচারকারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় এবং এক লাখ ২০ হাজার ইয়াবা, দেশীয় তৈরী একটি বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ ও একটি ধারালো কিরিচ উদ্ধার করে।
গুলিবিদ্ধ যুবককে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।



