কক্সবাজারে শুরু হয়েছে দুই মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশে পর্যটন গলফ মাঠে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলার আয়োজক কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ড ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন।
গত বুধবার সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো: কামাল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মুজিবুর রহমান। জয় বাংলা বাহিনীর মুক্তিযুদ্ধকালীন কমান্ডার মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের।
এ সময় জেলা প্রশাসক বলেন, কক্সবাজারের পর্যটনশিল্পকে তুলে ধরতে এই মেলা বড় ভূমিকা রাখবে। এ ছাড়া বিনোদনের ব্যবস্থা আরো বাড়লে মাদকমুক্ত সমাজ গড়তে সহায়ক হবে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মদ ইকবাল হোসাইন।
দুই মাসব্যাপী এ মেলায় ১১০টি স্টল ও প্যাভিলিয়ন রয়েছে। এ ছাড়া শিশু-কিশোরদের বিনোদনের জন্য মেলায় রয়েছে নাগরদোলা, ওয়াটারপুল, ইলেকট্রনিক নৌকা, রেলগাড়িসহ বিভিন্ন রাইড। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানান মেলা পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান সাহেদ আলী সাহেদ।
মেলায় এবার কক্সবাজার, ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানের উৎপাদিত পণ্যের সমাহার ঘটছে। এর মধ্যে আরএফএল, হোমটেক্স, কিয়াম, রাজলুঙ্গি, আপন টেক্সটাইল, খান টেক্সটাইল, ভিশন, ওয়াকার, ইটালিয়ানো, কম্পী, ইরানী গোল্ডসহ উন্নতমানের সব ব্র্যান্ড। পছন্দের তাঁতবস্ত্র, হস্ত ও কুটিরশিল্পের আকর্ষণও থাকছে। আরামদায়ক ওয়াকার ব্র্যান্ডের সব ধরনের জুতোও রয়েছে। এ ছাড়াও এবার কক্সবাজারের মেরিন সিটি মেগামাটের বিশাল স্টলে মিলবে প্রয়োজনীয় সবকিছু। মহিলাদের কসমেটিকস ও কাপড়ের বাহারিসামগ্রী স্টল খুলেছে অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান ফ্যাশন জোন ও নারীদের উন্নতমানের সাশ্রয়ীমূল্যে সবকিছু থাকছে এই স্টলে। কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে কক্সবাজার জোন নামের একটি স্টল দেয়া হয়েছে। মেলায় এবার খাবারেও এসেছে ভিন্নতা। ঢাকা চটপটি ছাড়াও দই ফুসকা হাউজ এবারের বিশেষ আকর্ষণ।
ছোটদের পাশাপাশি বড়দের বিনোদনের জন্যও নানা আয়োজন রয়েছে মেলায়। চলবে জাদু প্রদর্শনী, মাগ্যাজিন অনুষ্ঠানসহ নানা আয়োজন। এ ছাড়াও মেলাস্থলে তৈরি করা হয়েছে অস্থায়ী নামাজ আদায় কেন্দ্র ও বেশ কয়েকটি টয়লেট। মেলায় আগতদের নিরাপত্তা বিধানে রয়েছে পুলিশ বক্স। পুরো মেলা প্রাঙ্গণ নিয়ন্ত্রিত থাকবে সিসি ক্যামেরায়।