সিরাজগঞ্জের কাজিপুর চরাঞ্চলের নাটুয়ারপাড়া ইউনিয়নের গ্রামীণ সড়ক ও সেতু ভেঙে যাওয়ায় খেয়া নৌকায় ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে স্কুলশিক্ষার্থীসহ স্থানীয়রা। এলাকার ঘোড়াগাছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই রাস্তা ও ব্রিজ দিয়ে পারাপার হতো। বন্যায় সড়ক ও সেতু ভেঙে যাওয়ায় ইউনিয়নটি দুই ভাগে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখনো পর্যন্ত মেরামত কিংবা নতুন করে নির্মাণের উদ্যোগ নেয়া হয়নি।
জানা গেছে, চরাঞ্চলের নাটুয়ারপাড়া ইউনিয়নের ঘোড়াগাছা, উত্তর রেহাইশুড়িবেড়, নাটুয়ারপাড়া, খাসরাজবাড়ী, মনসুরনগর ইউনিয়নের ১১ গ্রামের বাসিন্দাদের সহজ যোগাযোগ ছিল উত্তর রেহাইশুড়িবেড় সড়ক সেতু। নাটুয়ারপাড়া নৌঘাটসংলগ্ন সেতু ও সড়কটি ভেঙে যাওয়ায় নৌকায় নদী পার হচ্ছে যমুনা নদীর পূর্ব পাড়ের বাসিন্দা ও পশ্চিম পাড়ের ঘোড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।