সীমান্ত উপজেলা টেকনাফে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে তালিকাভুক্ত চার মাদক কারবারি এবং সন্ত্রাসীকে আট লাখ ইয়াবা ও ছয়টি অস্ত্রসহ আটক করেছেন।
গতকাল ভোরে র্যাব-৭ উপজেলার হ্নীলা ইউপির রঙ্গীখালী এলাকায় অভিযান চালিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারি ইয়ার মোহাম্মদের ছেলে নুর হাফেজ, দলিলুর রহমানের ছেলে ছৈয়দ আলম প্রকাশ কালু, ছৈয়দ হোছন প্রকাশ বার্মাইয়া পেটাইন্যার ছেলে ছৈয়দ নুর, সব্বির আহমদের ছেলে মোহাম্মদ সোহেলকে আটক করে। পরে আটককৃতদের স্বীকারোক্তিতে তল্লাশি চালিয়ে আট লাখ ১০ হাজার ইয়াবা, ছয়টি অস্ত্র ও ৭০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব-৭ চট্টগ্রামের অপারেশন অফিসার এএসপি মাশেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, দীর্ঘ দিন ধরে তাদের কার্যক্রমের ওপর নজর রাখার পর শুক্রবার ভোররাতে তাদের এসব অস্ত্র ও ইয়াবাসহ আটক করা হয়।