নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় আটকের পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রতন মিয়া (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের পদিপাড়া খালপাড়ে এ ঘটনা ঘটে। নিহত রতন মিয়া সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের মাহতাবপুর গ্রামের বড় বাড়ীর রহমত উল্যার ছেলে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় এলজি, ৩ রাউন্ড কার্তুজ, ৩ রাউন্ড গুলির খোসা, ৩১ পিছ ইয়াবা উদ্ধার করে।

সোনাইমুড়ী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমদাদুল হক জানান, ১৩ মামলার আসামি রতন মিয়াকে শনিবার বিকেলে পুলিশ গ্রেফতার করে। পরে তাকে নিয়ে রাতে অস্ত্র ও মাদক উদ্ধারে পার্শ্ববর্তী আমিশাপাড়া ইউনিয়নের পদিপাড়া গ্রামের ভূঁইয়া বাড়ির পাশে খালপাড় এলাকায় গেলে তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা ৪৬ রাউন্ড গুলি করে। এ সময় রতন মিয়া গুলিবিদ্ধ হয়। তাকে গুরুতর আহত অবস্থায় রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু ঘটে।

বন্দুকযুদ্ধ চলাকালে পুলিশের তিন সদস্য এসআই নাজমুল, এসআই উজ্জ্বল ও কনস্টেবল জসিম আহত হন।