কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের বেধড়ক মারধরে আবদুল আজিজ (৩৫) নামে বাংলাদেশী যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে বিজিবির তত্ত্বাবধায়নে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ভোররাতে উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের ধর্মপুর গ্রাম সীমান্তে আড়কির মাধ্যমে গরু পাচারের সময় এ ঘটনা ঘটে। আহত যুবকসহ একদল গরু ব্যবসায়ী ১০৫৬ নম্বর সীমানা পিলার দিয়ে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে অবৈধভাবে আড়কির মাধ্যমে গরু পাচার করার জন্য কাঁটাতারের কাছে গিয়েছিল। এ সময় ভারতের কুকুরমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে এবং বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে ফেলে যায়। পরে তাকে বিজিবি ও স্থানীয়রা উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে ৩৫ বিজিবি জামালপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদ জানান, কাঁটাতারের বেড়া কেটে অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা পার হয়ে ভারতে অনুপ্রবেশ করার কারণে বিএসএফরা তাকে মারধরে করে। এরপর বিজিবির সদস্যরা তাকে উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।