চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান সেনাবাহিনী সদস্যদের দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণœ রাখার পবিত্র দায়িত্ব পালনে সদাপ্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ির দীঘিনালায় ফরমেশন অ্যাডহক রিক্রুট ট্রেনিং সেন্টারের রিক্রুট ১৯-৩ ব্যাচের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশমাতৃকার যেকোনো সঙ্কটে সেনাবাহিনীকে আত্মত্যাগের মানসিকতায় প্রস্তুত থাকারও আহবান জানান।
অনুষ্ঠানে খাগড়াছড়ি সেনা রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল ফয়জুর রহমান, ২৪ পদাতিক ডিভিশনের স্টাফ অফিসার কর্নেল নাজিম উদ্দৌলা, ফরমেশন অ্যাডহক রিক্রুট ট্রেনিং সেন্টারের প্রধান প্রশিক্ষক লে. কর্নেল জয়নুল আবেদীন চিশতিসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৯-৩ ব্যাচে ৬৪৬ জন নবীন সৈনিক মৌলিক প্রশিক্ষণ শেষে সেনাবাহিনীতে যোগ দেন। প্রশিক্ষণের বিভিন্ন ইভেন্টে সেরা নৈপুণ্য প্রদর্শন করে শ্রেষ্ঠ রিক্রুট হওয়ার গৌরব অর্জন করেন ওসমানী কোম্পানির জাকারিয়া রহমান। সব ক্ষেত্রে সাফল্য দেখিয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন গ্রহণ করে গনি কোম্পানি আর রানার্স আপ ট্রফি অর্জন করে ওসমানী কোম্পানি।
প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্স আপ কোম্পানি এবং সেরা রিক্রুটের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।