মানিকগঞ্জের শিবালয়ে পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে মারধর এবং টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে সঙ্ঘবদ্ধ চক্র। মঙ্গলবার রাতে উপজেলার পাটুরিয়া ফেরিঘাট সংলগ্ন ধুতুরাবাড়ী গ্রামের চুন্নু কাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।
দুর্বৃত্তরা গৃহকর্তা চুন্নুকে বেঁধে মারধর ও তার ভাই পান্নুকে কুপিয়ে জখম করে ঘরে রক্ষিত অর্ধ লক্ষাধিক টাকা ও স্বর্ণালঙ্কার লুটে চম্পট দেয়। বাড়ির লোকজনের চিৎকারে পার্শ্ববর্তীরা এগিয়ে এসে রক্তাক্ত পান্নুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চুন্নু কাজী জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে ঘাট থেকে বাড়ি ফেরার পথে পুলিশের জ্যাকেট পরিহিত চার ব্যক্তি তার গতি রোধ করে অবৈধ মালামাল আছে বলে তার দেহ তল্লাশি করে। চুন্নুর কাছে কিছু না পেয়ে দুর্বৃত্তরা চুন্নুর সাথে তার বাড়িতে যায়।
শিবালয় থানার ওসি মিজানুর রহমান জানান,দুর্বৃত্তদের মধ্যে একজন পুলিশের জ্যাকেট পরিহিত ছিল বলে জানা গেছে। থানায় অভিযোগ দায়ের হলে বিশেষ গুরুত্ব দিয়ে তা তদন্ত করা হবে। ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না তা তদন্ত চলছে বলে জানান তিনি।