ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে গ্রামীণ সড়কের পাশে লাগানো গাছপালা উপড়ে পড়ে জেলার গৌরনদী উপজেলার ২০ সড়কের বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। সড়কগুলো ভেঙে পড়ার কারণে যানবাহন চলাচল করতে পারছে না। গ্রামীণ সড়কগুলোতে ক্ষতি হয়েছে প্রায় ১৫ কোটি টাকা।
সরেজমিন দেখা গেছে, উপজেলার মাহিলাড়ার সরকার মঠ-সরিকল সড়ক, দিয়াশুর প্রাইমারি স্কুল-বাংলাবাজার সড়ক, দিয়াশুর হাজিরপুল-আকনবাড়ি সড়ক, আশোকাঠী ফিলিং স্টেশন থেকে ভায়া হ্যালিপ্যাড গেরাকুল সড়ক, পৌরসভার শেষমাথা-কালনা প্রাইমারি স্কুল সড়ক, পৌরভবনের সম্মুখ থেকে ভায়া টিকাসার কাছেমাবাদ সড়ক, মাহিলাড়া-ছয়গ্রাম সড়কসহ বেশ কয়েকটি পাকা সড়কের পাশে রোপণকৃত শত শত গাছ সড়কসহ উপড়ে পড়েছে। ঘূর্ণিঝড় বুলবুল বয়ে যাওয়ার প্রায় দুই মাস পরেও সড়কগুলো মেরামত বা সংস্কার করা হয়নি। এখনো অপসারণ করা হয়নি অধিকাংশ সড়কের পাশের উপড়ে পড়া গাছ। ফলে যানবাহন ও জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ ব্যাপারে গৌরনদী উপজেলা এলজিইডি বিভাগের প্রকৌশলী মো: অহেদুর রহমান বলেন, বুলবুলের আঘাতে গ্রামীণ সড়কের প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। ইতোমধ্যে ক্ষয়ক্ষতির বিবরণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ এলে ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামত করা হবে।