বিএনপি সিটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমগুলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, সিটি নির্বাচনের ভোট গ্রহণের আগে বিএনপি নানা অজুহাত ও অভিযোগ তুলে মাঝপথে নির্বাচন থেকে পালানোর পাঁয়তারা করছে। তাদের এই ষড়যন্ত্র দেশের জনগণ মেনে নেবে না।
মঙ্গলবার সিরাজগঞ্জের কাজিপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাসিম বলেন, ‘নির্বাচন গণতন্ত্রেরই অংশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অর্থবহ নির্বাচন করতে চান। এ নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, বাম দলসহ অন্যরা নির্বাচনে অংশ নিচ্ছেন। আওয়ামী লীগ জনগণের দল, নির্বাচনে জনগণের কাছে যাবে এবং জনগণের রায় মেনে নেবে।’
তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে তার দলের নেতা-কর্মীরা গ্রামগঞ্জের দরিদ্র অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। কম্বলসহ শীতবস্ত্র বিতরণ করছে। এই শীতে আওয়ামী লীগ ছাড়া শীতার্ত মানুষের পাশে অন্য কোনো দল নেই। অথচ নির্বাচন এলেই বিএনপিসহ অনেকেই এসে হাজির হন জনগণের কাছে। তারা ভোট চান, ভোট শেষ হলেই আবার মাঠ ছেড়ে চলে যান।’
এসময় সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সুর্য্য, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার অসিম কুমার সরকার, জেলা আওয়ামী লীগ নেতা এহসান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকিরুল ইসলাম লিমন, ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সহিদুল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু খান প্রমুখ উপস্থিত ছিলেন।



