গাজীপুরে ইসলাম গ্রুপের পোশাক কারখানার লাগা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন ফায়াস সার্ভিসকর্মীরা। শুক্রবার দুপুর থেকে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট টানা ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় দুই নারীসহ চারজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কারখানার শ্রমিকরা।

কারখানার শ্রমিক, ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয়রা জানায়, ওই দিন দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ীর জরুন এলাকায় ইসলাম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ‘ইসলাম ওভেন’ কারখানার ৫ম তলায় আগুনের সূত্রপাত হয়। ওই তলায় থাকা প্যাকেজিংও স্যাম্পল সামগ্রীর সংস্পর্শে আগুন পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। কারখানার শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হয়। এক পর্যায়ে আগুনের লেলিহান শিখা উপরের ৬ষ্ঠ তলায় ছড়িয়ে পড়লে ভয়াবহ আকার ধারণ করে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর, কালিয়াকৈর, শ্রীপুর, ইপিজেড ও কাশিমপুরের ডিবি এলফায়ার স্টেশনের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। টানা সাড়ে চার ঘন্টা চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুন নেভাতে গিয়ে দু’নারীসহ চারজন আহত হয়। সহকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের নাম পরিচয় পাওয়া যায় নি।

গাজীপুর উায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন এন্ড মেইনটেনেন্স) লে. কর্ণেল মো: জিল্লুর রহমান জানান, সন্ধ্যার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায় নি।