যশোরের চৌগাছায় জেসমিন খাতুন (১৭) নামে এক কলেজছাত্রী গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। সে উপজেলার পাশাপোল আমজামতলা মডেল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। উপজেলার উজিরপুর গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, ছয় মাস আগে একই গ্রামের মোহম্মদ আলীর ছেলে তিন সন্তানের জনক আবুল কাশেমের সাথে পালিয়ে বিয়ে করে জেসমিন খাতুন। দুই মাস আগে মেয়েটি নিজেই বাবার বাড়িতে চলে আসে। সে সময় তার ইচ্ছায় গ্রাম্য শালিসের মাধ্যমে স্বামীর কাছ থেকে ছাড়িয়ে নেয়া হয়। কয়েকদিন আগে মেয়েটি আবারো কাশেমের কাছে চলে যেতে চায়।

কাশেমের কাছে না যাওয়ার জন্য তার পরিবার থেকে চাপ দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রী নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানকার ডাক্তাররা জেসমিনকে ঢাকায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে রেফার করেন। ধুলিয়ানি ইউনিয়ন পরিষদের উজিরপুর গ্রামের মেম্বর মিঠু হোসেন বিষয়টি নিশ্চিত করেন।