আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের রাজনীতির খরা কেটে গেছে। এক সময় আমরা দুর্বল ছিলাম। এখন আমরা অনেক শক্তিশালী।
কক্সবাজারকে উন্নয়নের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করা হয়েছে। মাতারবাড়ি থেকে শুরু করে কক্সবাজারে বিভিন্ন প্রকল্পের কাজ চলছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কক্সবাজারকে উন্নয়নের প্রাণকেন্দ্রে রূপান্তর করা হবে। সি-বিচকে দেশী-বিদেশী পর্যটকদের কাছে অধিক বেশি আকর্ষণীয় করতে আমাদের পরিকল্পনা রয়েছে।
গতকাল বিকেলে কক্সবাজার শহীদ দৌলত ময়দানে জেলা আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বিএনপির সমালোচনা করে বলেন, বিএনপির জোয়ার এখন দিবাস্বপ্ন। তাদের আন্দোলন ও নির্বাচনে ভাটা পড়েছে। জোয়ারের আর দেখা পাবে না বিএনপি।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের ভেদাভেদ ভুলে যান। আপন ঘরে শত্রু থাকলে বাইরের শত্রু দরকার নেই। যেকোনো মূল্যে নিজেদের ঐক্য সুদৃঢ় করতে হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফার সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় সামবেশে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের এমপি সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার-২ (মহেশখালী-কুতবদিয়া) আসনের এমপি আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত আসনের এমপি কানিজ ফাতেমা আহমদ, জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব:) ফোরকান আহমদ, জেলা যুব লীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলামসহ জেলা, উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।