৩ মাস বয়সী শিশু তুর্জয় সরকারকে পুকুরে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নির্মম ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যার পর সেনবাগ পৌরসভার বিন্নাগনি এলাকায়। তুর্জয় সেনবাগ থানায় কর্মরত কনস্টেবল সুমন সরকারের সন্তান। থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
পুলিশ রাত ১০টার দিকে শিশুটির লাশ উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য সোমবার সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় শিশুটির বাবা পুলিশ কনস্টেবল সুমন সরকার কয়েক জনের নাম উল্লেখ করে রোববার রাতেই একটি হত্যা মামলা করেন।
ওসি মিজানুর রহমান জানান, ঘটনার পরপরই কনস্টেবল সুমন সরকার বিষয়টি তাকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে কারা কী কারণে শিশুটিকে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, কেউ না কেউ নির্মম এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, এটা নিশ্চিত। কারণ শিশুটি দোলনায় শোয়ানো ছিল। সে তো হেঁটে গিয়ে পুকুরে পড়েনি; বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। খবর পেয়ে রাতেই বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান শেখ ঘটনাস্থলে পরিদর্শন করেন।