নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের জামপুর ইউনিয়নের উটমা এলাকায় রাতের আঁধারে কৃষকের ফসলি জমির মাটি কেটে স্থানীয় ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় দুই যুবলীগ কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় গত সোমবার বিকেলে সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয় ও সোনারগাঁও থানায় ভুক্তভোগী কৃষক আমানউল্লাহ বাদি হয়ে দু’জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন। রাতের আঁধারে কৃষি জমির মাটি চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় কৃষকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন ওই এলাকার কৃষকরা।
সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার উটমা গ্রামের নুর মোহাম্মদ চৌধুরীর ছেলে লিটন চৌধুরী ও মৃত বিল্লাল দেওয়ানের ছেলে আরজু মিয়ার নেতৃত্বে ১০-১২ জনের একটি দল রাতের আঁধারে ওই এলাকার কৃষক আমানউল্লাহর ফসলি জমির মাটি চুরি করে স্থানীয় ইটভাটায় বিক্রি করে দেয়। এ ঘটনায় ওই কৃষক আমানউল্লাহ বাদি হয়ে সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন ও সোনারগাঁও থানায় পৃথকভাবে অভিযোগ দায়ের করেছেন।
কৃষক আমানউল্লাহ জানান, ইরি ধান চাষ করার জন্য জমিটি আগাছা পরিষ্কার করে প্রস্তুত করেছি। দুই দিন ধরে স্থানীয় যুবলীগ কর্মী লিটন চৌধুরী ও আরজু দেওয়ানের নেতৃত্বে রাতের বেলায় আমার জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে। সকালে জমিতে গিয়ে দেখি পুকুরের মতো করে মাটি কেটে নিয়ে গেছে তারা।
উটমা গ্রামের কৃষক শহিদুল্লাহ মিয়া জানান, প্রতিদিন রাতে কোনো-না-কোনো কৃষিজমির মাটি চুরি করে নিয়ে যাচ্ছে প্রভাবশালীরা। আমাদের কৃষিজমির মাটি চুরির আতঙ্কে রয়েছি। স্থানীয় প্রশাসনও তাদের কিছু বলে না। কৃষিজমির মাটি লুটের ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করছি।
অভিযুক্ত লিটন চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের জমি থেকে আমরা মাটি কেটে বিক্রি করছি। রাতের আঁধারে মাটি কাটার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, দিনের বেলায় সড়কে যানজট থাকে বলে রাতের বেলায় মাটি কাটি।
সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান জানান, কৃষকের ফসলি জমির মাটি কাটার বিষয়ে অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন জানান, কোনোভাবেই ফসলি জমির মাটি কাটা যাবে না। যেকোনোভাবে ফসলি জমির মাটি কাটা বন্ধ করা হবে।
সোনারগাঁওয়ে কৃষকের জমির মাটি কেটে নেয়ার অভিযোগ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের জামপুর ইউনিয়নের উটমা এলাকায় রাতের আঁধারে কৃষকের ফসলি জমির মাটি কেটে স্থানীয় ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় দুই যুবলীগ কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায়...



