নরসিংদীতে ট্রেনের ধাক্কায় তনয়া ইসলাম (তারিয়া) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই দিন বিকালে তনয়া ইসলাম মোবাইলে কথা বলতে বলতে রেল লাইন অতিক্রম করছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত কলেজ ছাত্রী নরসিংদী সরকারী কলেজের রসায়ন বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। তার বাড়ি একই জেলার মনোহরদী থানার অর্জুনচর গ্রামে।
নরসিংদীর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ফিরোজ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



