সিরাজগঞ্জ সদর ও কাজিপুর উপজেলার গ্রাহকদের কাছ থেকে অবৈধভাবে আমানত নেয়া প্রায় অর্ধ কোটি টাকা সংগ্রহ করে এসএ এন্টারপ্রাইজ পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ‘এসএ এন্টারপ্রাইজের পরিচালক মো: আল আমিন খান ও জেনারেল ম্যানেজার মো: জাহাঙ্গীর আলম’। আমানতের টাকা নিয়ে লাপাত্তা হওয়ার পর দিশেহারা হয়ে পড়েছেন প্রায় তিন হাজার গ্রাহক।
গত বুধবার ভুক্তভোগী গ্রাহক (সীমান্ত বাজারের হাবিব প্লাজা) এস এ এন্টারপ্রাইজ অফিসের সামনে মানববন্ধন করেন। সীমান্তবাজারে হাবিব প্লাজায় একটি অফিস ভাড়া নিয়ে দামি আসবাব দিয়ে সাজানো হয় প্রতিষ্ঠানটি। এস এ এন্টারপ্রাইজের লাইসেন্স নং-০০১৬৫ এবং লাইসেন্স আইডি নং-০৬-০১৭-০০১৬৫। ওই প্রতিষ্ঠানটি গত দুই বছর ধরে ব্যবসা করছিল।
প্রতারণার শিকার কয়েকজন গ্রাহক বলেন, লাখে মাসে দেড় হাজার টাকা মুনাফা দেয়ার কথা বলে প্রতিষ্ঠানটির পরিচালক ও ম্যানেজার আমাদের কাছ থেকে টাকা নেয় এবং তিন বছরে দ্বিগুণ লাভ দেয়ার কথা বলে প্রতষ্ঠানটি বিভিন্ন স্কিম চালু করে। অধিক মুনাফার লোভ দেখানোয় তারা আকৃষ্ট হন এবং আমানত জমা দেন। এখন তারা সবই হারিয়েছেন।
অভিযুক্ত প্রতিষ্ঠানটির পরিচালক আল-আমিন খানের সাথে মোবাইলে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে প্রশাসনের কাছে এসএ এন্টারপ্রাইজের পরিচালক ও জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম গ্রাহকদের টাকা নিয়ে উধাও হওয়ার বিষয়ে একটি অভিযোগ করেছেন।



