এসএসসি পরীক্ষা চলছিল আকাশের। সকালে মায়ের দোয়া নিয়েই পরীক্ষাকেন্দ্রে যেত সে। যথারীতি আজও তার পরীক্ষা ছিল। কিন্তু মায়ের দোয়া নিয়ে আর পরীক্ষা দিতে যাওয়া হলো না। চোখের জলে ভেসে পরীক্ষাকেন্দ্রে গেলো সে।

নওগাঁর আত্রাই উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল আকাশ কুমার। সে উপজেলার সাহেবগঞ্জ বাইদ্যা পাড়ার রাজকুমার বাইদ্যার ছেলে।

সোমবার রাত ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে আকাশের মা সাইমুন (৪৫) মারা যান। মায়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে সে। কোনোভাবেই পরীক্ষা দিতে যেতে চাচ্ছিল না সে। তাকে জোর করেই পাঠানো হয়। পরীক্ষাকেন্দ্রেও দু'চোখের জল ঝরতে থাকে তার।

এই হৃদয়বিদারক ঘটনা শুনে আকাশকে স্বান্ত্বনা দিতে কেন্দ্রে ছুটে আসেন সহকারী কমিশনার (ভূমি) আরিফ মোর্শেদ মিশু এবং তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।